প্রকাশ্যে আড়ি পাতে সমাজ ।
চলচ্চিত্র ন্যায় দুঃস্বপ্নে আঁতকে ওঠে সঞ্চারী ।
বুকের ওড়না যেন উড়ে যায় বাতাসে ,
আলোর বেগে এঘর ওঘর করে স্নায়ু বার্তা ।
এক কাপ গরম কফি ,
বিছানার পাশেই জানলা - ফুরফুরে হাওয়া ।
কফির কাপে চুমুক দিতেই মনে পড়ে প্রথম প্রেম।
আঙুলে আঙুল ছোঁয়া , শরীরে ছড়ানো হংসী আচমকা ।
সেটিই ছিল জড়তার শিকলে প্রথম আঘাত ।
আরও কত স্মৃতি জড়ানো রাত্রির আসর ।
সব সঙ্কোচ - জড়তা ছিঁড়ে ফেলে
আধানাসক্তির মতো শরীরও শরীর টানে।
প্রতি লহমা হয়ে ওঠে প্রানবন্ত ।
দৃষ্টিকোণ পাল্টায় ,
আর তার সাথে পাল্টে যায় সঙ্গ ।
আসে কত নতুন মানুষ ,
একের পর এক নতুন প্রতিশ্রুতি ।
আবেগ ফুরায়,
বাস্তব আবার চোখ রাঙায় ।
আরও চোখ রাঙায় - প্রাচীর ভেদী কটাক্ষ ।
ওরা আঙুল তোলে ,
ওরা বিষ ছড়ায় ধমনীর রক্তে ।
তবে, আর কুকথায় হাড় ভাঙে না,
ওদের রায়ে বাধা পড়ে না।
আজও নীল লাল আলোর ঝিকিমিকি
তাকে করে তোলে উদ্ধত - প্রানবন্ত ।।